রংপুর-১ আসনে বিএনপিকে টপকে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ জয়
আব্দুল বারী দুলাল | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের আংশিক) আসনে বড় ধরনের চমক দেখিয়েছেন জামায়াতে ইসলামী ও তাদের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মো. রায়হান সিরাজী। বিএনপির শক্ত অবস্থান ভেঙে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।
গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটির ১৩৯টি ভোটকেন্দ্রের ফলাফলে
জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিএনপির মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ১৩১ ভোট। দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করা হয়।
বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মো. রায়হান সিরাজী বলেন, এই বিজয় শুধু আমার একার নয়, এটি রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণের বিজয়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তিনি আরও বলেন, রংপুর-১ আসনের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণই তার অগ্রাধিকার হবে।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার তিন লাখ ৭৫ হাজার ২২৭ জন। গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ১৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৫৭। এর মধ্যে বৈধ ২ লাখ ২৩ হাজার ১৪৪ ভোট ও বাতিলকৃত ভোট ৫ হাজার ৩১৩। প্রদত্ত ভোটের শতকরা হার ৬০ দশমিক ৮৯ শতাংশ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।