সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

শেখ হাসিনার রাজনীতির ‘মূলমন্ত্র’ ফাঁস করলেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৬:৫৮

সংগৃহীত

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি ও তার প্রভাব নিয়ে মন্তব্য করেছেন।

রোববার (৮ মার্চ) দুপুর ২টা ২২ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে দেশে নেই। তবে শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও তার রাজনীতির ধরণ এখনও বাংলাদেশে বিদ্যমান বলে মনে করেন তিনি।

পোস্টে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার রাজনীতির কিছু ‘মূলমন্ত্র’ এখনো দেশের রাজনীতিতে দেখা যায় এবং তার পতনের আন্দোলনে অংশ নেওয়া কিছু মানুষের মধ্যেও সেগুলোর প্রভাব রয়েছে।

তিনি তার পোস্টে শেখ হাসিনার রাজনীতির তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। প্রথমটি হলো ‘মালিকানার রাজনীতি’। তার ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের মালিকানা কেবল নিজের ও অনুসারীদের বলে দাবি করা এবং ভিন্নমতকে মুক্তিযুদ্ধবিরোধী হিসেবে চিহ্নিত করা ছিল এই রাজনীতির অংশ।

দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে তিনি উল্লেখ করেন ‘ট্যাগ দেওয়ার রাজনীতি’। তার মতে, অতীতে কথায় কথায় ‘রাজাকার’, ‘মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী’ বা ‘পাকিস্তানপন্থী’ ট্যাগ ব্যবহার করা হতো। বর্তমানে এসব ট্যাগের জায়গায় ‘ফ্যাসিস্টের দোসর’, ‘ভারতের দালাল’ বা ‘জুলাই গাদ্দার’—এর মতো নতুন ট্যাগ ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।

তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে তিনি বলেন, ‘ভিকটিমহুডের রাজনীতি’। তার ভাষ্য অনুযায়ী, অতীতে ভুক্তভোগী থাকার অভিজ্ঞতাকে ব্যবহার করে পরে প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর আচরণের মানসিকতা তৈরি করা ছিল এই রাজনীতির আরেক দিক।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল লিখেছেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, মানুষ শুধু শেখ হাসিনার শাসনের অবসানের আন্দোলন করেছে, কিন্তু তার রাজনীতির অনেক দিক এখনো সমাজের ভেতরে রয়ে গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top