শবে কদর, ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ১১ দিন বন্ধ থাকবে
পাটগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৬:১২
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে শবে কদর, পবিত্র ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (১৪ মার্চ ) সকালে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এ সময়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে।
আগামী ১৭ মার্চ (পবিত্র শবে কদর), ২৭ মার্চ (স্বাধীনতা দিবসের পর) সকল আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ, বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন), বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, থানার ওসি, বিভিন্ন ব্যাংক, বিএসএফ, ভারত ও ভুটানের সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনগুলোতে পাঠানো হয়েছে।
সভাপতি ফারুক হোসেন বলেন, "শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সাপেক্ষে ১১ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে সব কার্যক্রম পুনরায় শুরু হবে।"
ইমিগ্রেশন কর্মকর্তা এসআই সাইফুর রহমান বলেন, "আমরা চিঠি পেয়েছি। তবে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।"
সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, "ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের কার্যক্রমও স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়।"
উপকমিশনার মহাম্মদ মহি উদ্দিন বলেন "আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন পথ দিয়ে যাত্রী পারাপার এবং কাস্টমসের অভ্যন্তরীণ কাজ সীমিত পরিসরে চলবে।"
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।