ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১০:১৮
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল ও বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যান চলাচল করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হতে থাকে। ফলে চালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
চন্দ্রা এলাকায় যাত্রী আবুল হোসেন বলেন, সড়কজুড়ে শুধু যানজট আর মানুষ। গাড়ি ছেড়ে অটোরিকশায় করে এসেও একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।
পাবনার সাথিয়া উপজেলায় যাওয়ার পথে হেমায়েত হোসেন বলেন, গাজীপুরেই আড়াই ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছেন। সঙ্গে ছোট শিশু থাকায় ভোগান্তি আরও বেড়েছে।
বগুড়াগামী যাত্রী সাইদুল ইসলাম বলেন, ঈদের আগে প্রতিবছরই এমন দুর্ভোগ হয়, তবে এবার বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
এলেঙ্গা মহাসড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ জানান, যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।