শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

আদালতে মায়ের স্বীকারোক্তি

নড়াইলে অতিরিক্ত কান্নাকাটির কারণে ৩ মাসের শিশুকে হত্যা

আবদুল হামিদ শেখ | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১৪:৩৫

ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় অতিরিক্ত কান্নাকাটির কারণে ৩ মাস বয়সী কন্যা শিশু সাদিয়া নূর তাবাসসুমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তার মা আফিয়া খাতুন (২১)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পর নড়াইল সদর আমলি আদালতের বিচারক মারুফ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে আদালত তাকে নড়াইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, জবানবন্দিতে আফিয়া খাতুন উল্লেখ করেন জন্মের পর থেকেই শিশুটি অতিরিক্ত কান্নাকাটি করত। তাকে দেখাশোনার জন্য মা ছাড়া অন্য কেউ না থাকায় একাই সামলাতে হতো শিশুটিকে। এ কারণে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি। সেই চাপে পড়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যেকোনো এক সময় শিশুটিকে কোলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন।

এর আগে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মাকে হেফাজতে নেয়।

 

নিহত সাদিয়া নূর তাবাসসুম উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী চান মিয়া মানিক মোল্লার কন্যা। প্রায় দেড় বছর আগে আলোকদিয়া গ্রামের  খায়রুল বিশ্বাসের মেয়ে আফিয়া খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। এ দম্পতির প্রথম সন্তান ছিল নিহত এই শিশু।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top