হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১৪:০৯
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান ড. কামাল খারাজি মারা গেছেন। সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ১ এপ্রিল একই হামলায় তার স্ত্রীও নিহত হন বলে জানিয়েছে প্রেস টিভি।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন।
২০০৬ সালে প্রতিষ্ঠিত এই কৌশলগত পরিষদটি ইরানের একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও উপদেষ্টা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। এটি সরাসরি দেশের সর্বোচ্চ নেতার কাছে প্রতিবেদন দেয় এবং বৈদেশিক নীতির দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ড. খারাজি ১৯৯৭ সালের ২০ আগস্ট থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দেশটির অভিজ্ঞতা নির্ণয় ও সমন্বয় পরিষদের সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।