বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

চার দিন পর কক্সবাজারে উদ্ধার বরিশালের নিখোঁজ স্কুলছাত্র

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৬:০৫

সংগৃহীত

বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শান-কে চারদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার জেলার ঈদগাহ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে রাতে মায়ের জন্য খিচুড়ি কিনতে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিল। ওই সময় সে একটি বিকাশ দোকান থেকে প্রায় ৮ হাজার টাকা উত্তোলন করেছিল বলে জানা গেছে। পরে তার মোবাইল ফোন একটি স্কুল মাঠ থেকে উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, কিশোরটি ‘স্কোপোলামিন’ নামক একটি মাদক-জাতীয় পদার্থের প্রভাবে অচেতন অবস্থায় অপহরণের শিকার হতে পারে। বিষয়টি স্থানীয়ভাবে ‘শয়তানের নিঃশ্বাস’ নামেও পরিচিত।

সুনিল বড়ুয়া জানান, রাতের দিকে ঈদগাহ এলাকায় ক্লান্ত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানিয়েছে, এক অপরিচিত ব্যক্তি তার কাছে ঠিকানা জানতে চেয়েছিল, এরপর আর কিছু মনে নেই তার।

বর্তমানে সে সুস্থ রয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। তার পকেটে দুটি বাসের টিকিট ও মাত্র ১০ টাকা পাওয়া গেছে।

পরিবার জানিয়েছে, ঘটনার দিন থেকে তারা গভীর উদ্বেগে ছিল। সৌরভের মা বলেন, তিনি মনে করেছিলেন এটি অপহরণের ঘটনা। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top