বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

নরসিংদীতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলকারী চক্রের ৪ জন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৬:৪৯

ছবি: সংগৃহীত

নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, শারীরিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পলাশ উপজেলার জিনারদী এলাকার অহিদ মিয়ার মেয়ে শারমিন আক্তার (বৃষ্টি, ২৪), নরসিংদী সদরের হাজীপুর এলাকার হিরণ মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২০), উত্তর বাগহাটা গ্রামের আরমান মিয়ার ছেলে মো. কাইয়ুম (২৫) এবং খাটেহারা গ্রামের জসিম মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৩৪)।

পুলিশ জানায়, নরসিংদী পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাতে সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে নারীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলত। পরে দেখা করার কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে অপহরণ ও নির্যাতন করা হতো। অনেক সময় ভুক্তভোগীদের আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হতো বলে জানা গেছে।

অভিযানকালে ফয়সাল মিয়ার কাছ থেকে এক ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

এছাড়া স্মৃতি আক্তারের বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। ফয়সাল মিয়ার বিরুদ্ধেও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক ও চুরিসহ বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।

নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক এরশাদ উল্লাহ বলেন, সম্প্রতি এক যুবক এ চক্রের ফাঁদে পড়ে। বিষয়টি জানার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top