বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম বলেছেন, উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
আজ বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারে।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও বিমান খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে বগুড়া বিমানবন্দর সম্প্রসারণ করা হবে। এর আওতায় পাইলট প্রশিক্ষণ কেন্দ্র এবং কার্গো সুবিধা স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।
সরকারের এ বৃহৎ উন্নয়ন উদ্যোগের বাস্তবায়ন কার্যক্রম বগুড়া থেকেই শুরু হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।