বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

বাণিজ্য খাতে দক্ষ জনবল গড়তে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৬:৩৪

ছবি: সংগৃহীত

বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রেড নেগোসিয়েশন, ট্রেড ল, ডব্লিউটিও বিধিবিধান এবং আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গায়েল মার্টিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বব্যাংকের চলমান সহযোগিতা, সক্ষমতা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বাণিজ্য খাতের আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাংকের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ট্রেড নেগোসিয়েশন দক্ষতা উন্নয়ন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের জন্য শক্তিশালী রিসোর্স পুল গঠন এবং ট্রেড ল ও ডব্লিউটিও বিষয়ক ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে আরও বিস্তৃত সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, দেশে বিভিন্ন দাতা সংস্থা ও সরকারি অর্থায়নে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও প্রকল্প পরিচালকদের দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গায়েল মার্টিন বাণিজ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ইসিফোর (ইসি৪জে) প্রকল্পকে সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের প্রকল্প এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত কর্মসূচিগুলোতে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভ্যালু ক্রিয়েশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top