বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৬:৫২

ছবি: সংগৃহীত

 

পার্বত্য চট্টগ্রামকে দেশের উন্নয়নের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে জেলাপ্রশাসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, ভূমির ব্যবহার, বনজ সম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ আহরণের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি থাকা জরুরি।

আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন–২০২৬-এর দ্বিতীয় অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে তিনি এসব নির্দেশনা দেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের চাষযোগ্য জমি সীমিত হওয়ায় এখনো অনেক মানুষ জুম চাষের ওপর নির্ভরশীল। এ অঞ্চলের দারিদ্র্য বিমোচনে সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি খাগড়াছড়িতে হেডম্যান অফিস নির্মাণ, বান্দরবানে সুপেয় পানির প্রকল্প বাস্তবায়ন এবং প্রতিটি উপজেলায় শিক্ষার্থীদের জন্য পৃথক আবাসিক হোস্টেল নির্মাণের ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামকে পিছিয়ে রেখে দেশের সার্বিক টেকসই উন্নয়ন সম্ভব নয়।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর সম্প্রীতির মধ্যেই বাংলাদেশের শক্তি নিহিত, আর পার্বত্য চট্টগ্রাম সেই সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top