ভালোবাসা দিবসে নাটকপাড়ায় নীরবতা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৮
একসময় ভালোবাসা দিবস এলেই ছোট পর্দা ও ইউটিউব প্ল্যাটফর্মে শুরু হতো রোমান্টিক নাটকের উৎসব। ফেব্রুয়ারির শুরু থেকেই একের পর এক নাটকের ঘোষণা, পোস্টার, টিজার আর জনপ্রিয় জুটির নতুন গল্পে মুখর থাকত দর্শক। তবে এ বছর সেই চেনা দৃশ্য অনুপস্থিত। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সামনে থাকলেও টিভি কিংবা ইউটিউবে চোখে পড়ছে না উল্লেখযোগ্য কোনো বিশেষ নাটক।
বিষয়টি বিস্ময়কর মনে হলেও অনুসন্ধানে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন (১২ ফেব্রুয়ারি) এ বছর ভালোবাসা দিবসের নাটক নির্মাণ ও প্রচারে বড় ধরনের প্রভাব ফেলেছে। ফেব্রুয়ারির শুরু থেকেই রাজনৈতিক কর্মসূচি, প্রচারণা, নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির কারণে পুরো দেশ নির্বাচনমুখী হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে বিনোদন শিল্পেও।
টেলিভিশন-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্বাচনের সময় চ্যানেলগুলোর মূল ফোকাস থাকে সংবাদ ও রাজনৈতিক কনটেন্টে। ফলে বিশেষ নাটক প্রচারের জায়গা সংকুচিত হয়ে পড়ে। পাশাপাশি স্পন্সর জটিলতাও একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, ভালোবাসা দিবসের আবেদন কমে যায়নি। বরং পরিস্থিতির চাপে এ বছর সেটি কিছুটা পেছনের সারিতে চলে গেছে। জাতীয় নির্বাচন পাঁচ বছরে একবার আসে, আর ভালোবাসা দিবস প্রতিবছর—এই বাস্তবতা মাথায় রেখেই এ বছর নাটক নির্মাণে সংযম দেখানো হয়েছে।
এদিকে একেবারেই যে নাটক আসছে না, তাও নয়। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাতা জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের একটি নাটক। এতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটি ভালোবাসা দিবসের আগেই সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
অন্যদিকে রুবেল আনুশ নির্মিত ‘মায়া বনের হরিণ’ নাটকে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি প্রকাশিত হবে নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম।
ফাল্গুন ও ভালোবাসা দিবস সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে রাকায়েত রাব্বি নির্মিত ফ্ল্যাশ ফিকশন ‘টিফিন বক্স’। এতে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও প্রান্তর দস্তিদার। এটি ১০ ফেব্রুয়ারি থেকে স্ট্রিম হবে।
এ প্রসঙ্গে অভিনেতা ফারহান আহমেদ জোভান বলেন, “ভালোবাসা দিবস মানেই নাটকের একটা আলাদা আমেজ থাকে। কিন্তু এ বছর নাটক কম হয়েছে, এটা সত্য। তবে একেবারেই হয়নি—এমন নয়। কিছু ভালো নাটক দর্শক দেখবেন।”
অভিনেত্রী কেয়া পায়েল জানান, “জাতীয় নির্বাচন ও সামনে রমজান থাকায় এবার ভালোবাসা দিবসের নাটক কিছুটা কম। তবে ঈদ কেন্দ্র করে আবার বড় ব্যস্ততা আসবে।”
নাজনীন নীহা বলেন, “আমার তিনটি নাটক আসছে, তাই আমার কাছে কম মনে হচ্ছে না। তবে সার্বিকভাবে হয়তো সংখ্যাটা কম।”
অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, “এবার ভালোবাসা দিবসে আমার নতুন কোনো কাজ নেই। দেশের পরিস্থিতি ও রমজানের কারণেই আমেজ কিছুটা কম। তবে ঈদের কাজের ব্যস্ততা শুরু হয়ে গেছে।”
সব মিলিয়ে নাটক-সংশ্লিষ্টদের মতে, এ বছর ভালোবাসা দিবসে নাটকের স্বল্পতা কোনো স্থায়ী সংকেত নয়। নির্বাচন-পরবর্তী সময়ে আবারও রোমান্টিক গল্প, নতুন জুটি আর নাটকের উৎসব ফিরবে—এমন প্রত্যাশাই সবার।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।