ইফতারে ডিমের ফিঙ্গার
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩
ইফতারে অনেকেই মুখরোচক ও একটু ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করেন। প্রতিদিনের ভাজাপোড়া থেকে আলাদা কিছু চাইলে সহজ উপায়ে তৈরি করা যায় ডিমের ফিঙ্গার। ঝরঝরে ও সুস্বাদু এই আইটেমটি ইফতারের টেবিলে বাড়তি আকর্ষণ যোগ করবে।
উপকরণ
ডিম: ৪–৫টি
বড় পেঁয়াজ কুচি: ১টি
ব্রেড ক্রাম্বস: ১ কাপ
গোলমরিচ গুঁড়ো: ২ চা-চামচ
ময়দা: ২ টেবিল-চামচ
কর্নফ্লাওয়ার: ২ টেবিল-চামচ
চিলি ফ্লেক্স: ১ চা-চামচ
লবণ: স্বাদমতো
তেল: ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি বাটিতে ডিমগুলো ফেটে নিন। এর মধ্যে পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স ও লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।
একটি স্টিলের বক্সে ভালো করে তেল মাখিয়ে ডিমের মিশ্রণটি ঢেলে ঢাকনা লাগান। একটি কড়াইয়ে পরিমাণমতো পানি নিয়ে তার ভেতরে বক্সটি বসান। খেয়াল রাখবেন—বক্সের অর্ধেক পর্যন্ত পানি থাকবে, যেন ডিমের মিশ্রণ পানিতে ডুবে না যায়।
কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে প্রায় ৩০ মিনিট রান্না করুন। এরপর চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। ডিম ভালোভাবে জমাট বাঁধলে লম্বা লম্বা করে কেটে নিন।
এবার একটি পাত্রে ব্রেড ক্রাম্বস, সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে রাখুন। অন্য পাত্রে ২টি ডিম ফেটিয়ে নিন। ডিমের টুকরোগুলো প্রথমে ফেটানো ডিমে, এরপর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে মাখিয়ে নিন।
কড়াইয়ে ডুবো তেলে একে একে ফিঙ্গারগুলো লালচে করে ভেজে নিন। ভাজার সময় আঁচ মাঝারি রাখবেন।
গরম গরম ডিমের ফিঙ্গার ইফতারে পরিবেশন করুন পছন্দের সস বা চাটনির সঙ্গে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।