সীমান্তে গুলিবিদ্ধ শিশু,মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করলো ঢাকা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৪:৩৪

সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে মঙ্গলবার (১৩ জানুয়ারি) তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার ফলে ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। বৈঠকে বলা হয়েছে, বাংলাদেশের ভূখণ্ডের দিকে কোনো ধরনের উসকানিমূলক গুলি চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দুই দেশের সুসম্পর্কের জন্য হুমকি। বাংলাদেশ মিয়ানমারকে ঘটনার পূর্ণ দায় গ্রহণের আহ্বান জানিয়ে, ভবিষ্যতে সীমান্ত অতিক্রম করে গুলিবর্ষণ বন্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রদূত ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশু ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তার সরকার পদক্ষেপ নেবে।

সীমান্তে নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অবস্থান কঠোর ও স্পষ্টভাবে কূটনৈতিকভাবে তুলে ধরা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top