সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৯

সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালি-তে একাধিক সামরিক স্থাপনায় সমন্বিত হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

রোববার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে সরকারের মুখপাত্র ইসা উসমান কুলিবালি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হামলাকারীরা কাতি শহরে কামারার বাসভবনে আক্রমণ চালালে তিনি নিহত হন।

শনিবার গ্যারিসন শহর কাতি-তে এই হামলা ঘটে। এটি একই সময়ে আল-কায়েদা-ঘনিষ্ঠ গোষ্ঠী ও তুয়ারেগ বিদ্রোহীদের যৌথ আক্রমণের অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে।

রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত কাতি শহরটি সাধারণত দেশের অন্যতম সুরক্ষিত সামরিক এলাকা হিসেবে পরিচিত। তবে সেখানেই আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয় বলে জানা গেছে।

হামলায় প্রতিরক্ষামন্ত্রীর দ্বিতীয় স্ত্রী এবং তার দুই নাতিও নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সাদিও কামারা দেশের সামরিক সরকারের একজন প্রভাবশালী নেতা ছিলেন। ২০২০ ও ২০২১ সালের অভ্যুত্থানের পর গঠিত সরকারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে বিবেচিত ছিলেন।

একই সময়ে দেশটির বিভিন্ন এলাকায় আরও হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকো ছাড়াও উত্তরের গাও ও কিদাল এবং মধ্যাঞ্চলের সেভারে শহরে আক্রমণ চালানো হয়।

কিদাল এলাকায় রোববারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top