শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত সৃজনশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা:ড. মুহাম্মদ ইউনূস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৫:০৫

সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়, বরং মানুষকে সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী করে গড়ে তোলা। তিনি বলেন, মানুষ জন্মগতভাবেই সৃজনশীল, কিন্তু প্রচলিত শিক্ষাব্যবস্থা অনেক সময় সেই সৃজনশীলতাকে দমন করে কেবল চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ড. ইউনূস।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলা প্রয়োজন। উদ্যোক্তা মানসিকতা, কল্পনাশক্তি ও নতুন কিছু তৈরির সাহস শিক্ষাব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া জরুরি।

ড. ইউনূস আশা প্রকাশ করেন, শিক্ষা হতে পারে সেই শক্তি, যা দক্ষিণ এশিয়ার তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করবে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণের কথাও উল্লেখ করেন।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানায়, সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনটি হোটেল লা মেরিডিয়ানে শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top