সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

নির্বাচনে ২১ শতাংশ জাল ভোট নিয়ে জানা গেল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৮

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরিসংখ্যানকে ভুল ব্যাখ্যাজনিত বিভ্রান্তি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি স্পষ্ট করেছে, নির্বাচনে ২১ শতাংশ জাল ভোট পড়েছে—এমন দাবি সঠিক নয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, দৈবচয়ন (র‍্যান্ডম স্যাম্পলিং) পদ্ধতিতে দেশের ৭০টি আসন পর্যবেক্ষণ করে গবেষণাটি পরিচালিত হয়েছে। ফলাফলে দেখা গেছে, পর্যবেক্ষণকৃত এসব আসনের মধ্যে ২১.৪ শতাংশ আসনে জাল ভোট পড়ার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ, ১৫টি আসনে (গাণিতিক হিসেবে ১৪.৯৮%) এক বা একাধিক জাল ভোটের অভিযোগ শনাক্ত হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবি পরিষ্কার করে জানায়, ২১ শতাংশ ‘ভোট’ নয়, বরং ২১.৪ শতাংশ ‘আসনে’ অনিয়মের তথ্য পাওয়া গেছে। এর অর্থ এই নয় যে মোট প্রদত্ত ভোটের বড় একটি অংশ জাল ছিল। সামাজিক মাধ্যমে প্রচারিত দাবিটি ভুল ব্যাখ্যার ফল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top