মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯

ছবি: সংগৃহীত

সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকেই সংসদ ভবনের বিভিন্ন গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়।

নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ সকাল ১০টায়। সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন

রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হবে। সে অনুযায়ী সকাল ১০টায় বিএনপি থেকে নির্বাচিত এমপিরা প্রথমে শপথ নেবেন।

এদিকে শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংসদ ভবনে প্রবেশের সময় নবনির্বাচিত এমপিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

টানা তিনটি সংসদ মেয়াদ, অর্থাৎ প্রায় ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনে প্রবেশ করছেন। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের পর, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় লাভ করে।

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এবারই প্রথম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী ও পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশ-বিদেশের হাজারো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের প্রতিনিধি এবং সার্কভুক্ত অন্যান্য ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অনুলিপি দিয়েছে। এর মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং বিজিবি, র‍্যাব ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহাপরিচালকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top