স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে তিনি ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। শিক্ষাজীবনে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন এবং ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন।
রাজনীতিতে তার সক্রিয় সম্পৃক্ততা ছাত্রজীবন থেকেই। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সালে শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নিয়ে সরাসরি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন এবং ১৯৯২ সালে দলের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেনের কাছে পরাজিত হন। তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হলেও শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০১১ সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর চেয়ারপারসন খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। পরবর্তীতে ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি বিএনপির মহাসচিব হিসেবে নির্বাচিত হন।
এবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয় পরিচালনা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।