আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হচ্ছে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১২:৩৮
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন।
অধিবেশনের শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি গণঅভ্যুত্থানে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের সব জনগণের প্রতিনিধিত্ব করছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। এভাবেই দলটি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে কোনো বিরোধ থাকতে পারে না।
এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। এরপর বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।