স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১২:৫৩
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কোনো বিরোধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনালগ্নে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের মধ্য দিয়েই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায় দলটি।
সরকারপ্রধান সবার সহযোগিতা কামনা করে বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কোনো বিরোধ থাকতে পারে না এবং এ বিষয়ে বিভেদ থাকারও কথা নয়।
তিনি আরও বলেন, দেশে আজ থেকে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে।
সংসদ অধিবেশনে তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন–সংগ্রামে আত্মোৎসর্গ করা সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। তার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
বক্তব্যের শেষদিকে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন–এর নাম প্রস্তাব করেন তিনি। এতে সমর্থন জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিরোধী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এ প্রস্তাবে সমর্থন দেওয়া হয়।
এর আগে সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
অধিবেশনের প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। স্পিকার হিসেবে নির্বাচিত হন বিএনপির নেতা মেজর (অব.) হাফিস উদ্দিন আহমেদ। আর ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদীয় রীতি অনুযায়ী প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন ডাকেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। নতুন সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। আর বিরোধী দলের নেতা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।