খাল খনন কর্মসূচি উদ্বোধনে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৯:১৪
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি তার প্রথম জেলা সফর।
প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার আশায় এলাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সফরের সময় প্রধানমন্ত্রী বলরামপুর গ্রামের সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশের ৫৩টি জেলায় খাল খনন কার্যক্রম শুরু করা হবে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মন্ত্রী ও সংসদ সদস্যরা সার্বিক প্রস্তুতি তদারকি করছেন। অনুষ্ঠানের স্থানে তৈরি করা হয়েছে মঞ্চ, যেখানে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের উদ্বোধন করবেন। নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর সদস্যরা অনুষ্ঠানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং র্যাব সদস্যরা বিশেষ অনুসন্ধানী কুকুর নিয়ে এলাকায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে দুপুর ১২টার মধ্যে কাহারোলে পৌঁছাবেন। খাল খনন উদ্বোধনের পর তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর সাহাপাড়ায় কর্মসূচি শেষে জেলা শহরের শেখ ফরিদপুর কবরস্থানে তার নানা এম ই মজুমদার, নানি বেগম তৈয়বা মজুমদার এবং বড় খালা বেগম খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।
বিকেলে শহীদ বড় ময়দানের দক্ষিণ প্রান্তে আয়োজিত সুধী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা এবং দলীয় ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে রাতেই সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দিনাজপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা জোরদারের পাশাপাশি সভামঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই এখনো বিশ্বাস করতে পারছেন না যে প্রধানমন্ত্রী তাদের গ্রামে আসছেন। প্রত্যন্ত এই গ্রামে তাকে স্বচক্ষে দেখার জন্য মানুষ নানা প্রস্তুতি নিয়েছে।
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দিনাজপুরের মানুষ প্রস্তুত। খাল পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।
তিনি জানান, প্রায় ১২ দশমিক ৫ কিলোমিটার খাল পুনঃখনন হলে প্রায় ১০ হাজার বিঘা জমি চাষের আওতায় আসবে এবং প্রায় ৩৫ হাজার কৃষক এর সুফল পাবেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খনন, পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন ও সবুজ বিপ্লব ছিল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।