দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১০:৪৪
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম জেলা সফর।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ঢাকার বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ উড়োজাহাজে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থলে যাবেন তিনি।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ছয় মাসে এক হাজার দুইশ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট বিশ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্বোধন শেষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশে অংশ নেবেন এবং সেখানে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।
দিনাজপুরের কর্মসূচি শেষে সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।