সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অ্যালাউড না: স্পিকার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১০:৩৮
জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদে কাগজ দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয়; সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
রবিবার জাতীয় সংসদ-এর অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহ-কে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন।
মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ করে স্পিকার বলেন, বিনয়ের সঙ্গে তার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে—সংসদে কাগজ দেখে বক্তব্য পড়া অনুমোদিত নয়। তিনি নোট রাখতে পারেন, তবে একবার তাকিয়ে নিয়ে আবার সংসদের দিকে তাকিয়ে বক্তব্য দেওয়াই সংসদের রেওয়াজ।
এ সময় অলি উল্লাহকে উদ্দেশ করে স্পিকার বলেন, তিনিও তার আগের বক্তার মতো কাগজ দেখে পুরো বক্তব্য পড়েছেন, যা সংসদের নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে ওই দুই সংসদ সদস্য কাগজ দেখে পুরো বক্তব্য পাঠ করেন। উল্লেখ্য, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নেওয়ার বিধান রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।