হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আজ বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট আগামী শনিবার রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দা শহরের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে।
আজ উদ্বোধনী দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ৬টি ফ্লাইট। সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইন্স পরিচালনা করবে ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করবে আরও ৪টি ফ্লাইট।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন।
হজচুক্তি অনুযায়ী যাত্রী পরিবহনের দায়িত্ব বণ্টন করা হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে মোট যাত্রীর ৫০ শতাংশ, সাউদিয়া এয়ারলাইন্স ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫ শতাংশ।
প্রি-হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। এ সময়ে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০২টি, সাউদিয়ার ৭৫টি এবং ফ্লাইনাসের ৩০টি ফ্লাইট থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ সম্পন্ন শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।