দীর্ঘ ২০ বছর পর নির্বাচনী প্রচারণায় বরিশালে যাচ্ছেন তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮
দীর্ঘ দুই দশক পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য এক নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। মাঠের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। নারী নেতাকর্মীদের বসার জন্য আলাদা করে বাঁশ দিয়ে ঘেরা স্থানে কলাপাতা বিছিয়ে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পুরো নগরীজুড়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজসজ্জার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
ঝালকাঠি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী বলেন, “বরিশাল বিভাগের অধিকাংশ আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছাবেন তারেক রহমান। জনসভা শেষে দুপুর ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন। অপরদিকে ২০০৮ সালে একই বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের আগমনকে ঘিরে দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।