এক্স অ্যাকাউন্ট হ্যাকার আটক, যা বললেন জামায়াত আমির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪
নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। ডা. শফিকুর রহমান লেখেন, “আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি আমার ভেরিফায়েড এক্স আইডি হ্যাকের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।”
তিনি আরও বলেন, এ ঘটনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে তিনি আশা করেন। তার মতে, দেশে সাইবার অপরাধ দমন এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু রাখতে এ ধরনের আইনগত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে অনেকেই অপরাধ করতে নিরুৎসাহিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
আইনের যথাযথ প্রয়োগ দেখার অপেক্ষায় থাকার কথা জানিয়ে জামায়াত আমির দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আবারও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত শনিবার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি বিতর্কিত পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামী দাবি করে, সাইবার হামলার মাধ্যমে ওই পোস্টটি প্রকাশ করা হয়েছিল এবং এটি ডা. শফিকুর রহমানের বক্তব্য নয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গত ৩১ জানুয়ারি বিকেলে ওই এক্স হ্যান্ডেল থেকে নারীদের প্রতি অসম্মানজনক একটি পোস্ট ভাইরাল হয়, যা হ্যাকিংয়ের মাধ্যমে করা হয়েছে। এ ঘটনায় দলটির নির্বাচনি প্রচার টিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।