শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

আজ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ নিজেদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে কারণে এটিই তার নেতৃত্বে দলের প্রথম নির্বাচনি ইশতেহার। এর আগে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের চেয়ারপারসন হিসেবে প্রয়াত বেগম খালেদা জিয়া ইশতেহার ঘোষণা করতেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় খালেদা জিয়া কারাবন্দি থাকায় দলের পক্ষে ইশতেহার ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে।

ইশতেহার প্রসঙ্গে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন জানান, দলটি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রাথমিকভাবে ৩১ দফা কর্মসূচি নিয়ে কাজ করছে। বিভাগ থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত জনগণের মতামত সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, এসব মতামতের আলোকে দলীয় নেতৃত্বের ভিশনের পাশাপাশি সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে নির্বাচনি ইশতেহার প্রণয়ন করা হয়েছে। বিএনপির লক্ষ্য হলো এমন একটি বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা তুলে ধরা, যা জনগণের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top