শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ফ্রিজে রাখা খাবারেও বাড়তে পারে ইউরিন ইনফেকশনের ঝুঁকি: সতর্ক করছেন চিকিৎসকরা

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৮

ছবি: সংগৃহীত

ব্যস্ত জীবনযাপনে ফ্রিজ এখন প্রায় প্রতিটি পরিবারের অপরিহার্য একটি যন্ত্র। একদিনের বাজার করে কয়েকদিন সংরক্ষণ করা, আগের দিনের রান্না গরম করে খাওয়া—এসব অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই স্বাভাবিক অভ্যাসই কখনো কখনো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন (ইউটিআই) বা মূত্রনালির সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

বর্তমানে ইউরিন ইনফেকশন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গত তিন দশকে ইউটিআই আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এ–সংক্রান্ত মৃত্যুর হারও।

২০২৩ সালে প্রকাশিত ন্যাশনাল জিওগ্রাফিকের এক সমীক্ষায় জানা যায়, যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় পাঁচ লাখ ইউরিন ইনফেকশনের পেছনে দূষিত মাংস বড় ভূমিকা রাখছে। বিশেষ করে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত বা অপর্যাপ্তভাবে রান্না করা খাবার এ ঝুঁকি বাড়াচ্ছে।

বেঙ্গালুরুর সিনিয়র ইউরোলজিস্ট ডা. সুরি রাজু ভি-এর মতে, ইউরিন ইনফেকশনের অন্যতম প্রধান কারণ ই-কোলাই (E. coli) ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া অনেক সময় ফ্রিজে রাখা মাংস বা পোল্ট্রি খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। বিশেষ করে মুরগি বা টার্কির মতো পোল্ট্রি পণ্যে সঠিকভাবে রান্না না হলে ব্যাকটেরিয়ার ঝুঁকি থেকে যায়।

দীর্ঘদিন ফ্রিজে রাখা খাবারে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধীর হলেও তা সম্পূর্ণ নষ্ট হয় না। পরে সেসব খাবার যথাযথভাবে গরম বা রান্না না করলে অন্ত্রে সংক্রমণ তৈরি হতে পারে, যা পরবর্তীতে মূত্রনালিতে ছড়িয়ে ইউটিআই সৃষ্টি করতে পারে।

চিকিৎসকদের মতে, আগে যেখানে শুধু অপরিচ্ছন্নতাকেই ইউরিন ইনফেকশনের মূল কারণ হিসেবে ধরা হতো, এখন সেখানে খাবার সংরক্ষণ ও রান্নার ভুল পদ্ধতিকেও সমানভাবে দায়ী করা হচ্ছে।

বিশেষজ্ঞরা কিছু সহজ সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন, কাঁচা মাংস ও সবজির জন্য আলাদা কাটিং বোর্ড, ছুরি ও পাত্র ব্যবহার করা, কাঁচা মাংস কাটার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া, পচনশীল খাবার দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ না করা, পোল্ট্রি ও মাংস ভালোভাবে সিদ্ধ করে রান্না করা, যতটা সম্ভব তাজা অবস্থায় মাংস রান্না করে খাওয়া।

ফ্রিজ আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, তবে ভুল ব্যবহারে এটি স্বাস্থ্যঝুঁকির কারণও হতে পারে। বারবার ইউরিন ইনফেকশনে ভুগলে খাদ্যাভ্যাস ও সংরক্ষণ পদ্ধতির দিকে নজর দেওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top