শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবে ক্ষমতায় যাওয়ার আত্মবিশ্বাস বিএনপির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩

তারেক রহমান । ছবি: সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের শীর্ষ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। একই সঙ্গে নির্বাচনে বিএনপির এককভাবে সরকার গঠনের বিষয়ে দৃঢ় আত্মবিশ্বাসও প্রকাশ করেন তিনি।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?” তিনি আরও জানান, জামায়াতে ইসলামী যদি বিরোধী দলে থাকে, তবে তাদের কাছ থেকে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা প্রত্যাশা করেন।

দীর্ঘ প্রায় দুই দশক লন্ডনে অবস্থানের পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের মুখে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই তার দেশে ফেরা ঘটে। শেখ হাসিনা ছিলেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকলেও বর্তমানে দলটি আবার সক্রিয় রাজনীতিতে ফিরেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি–জামায়াত জোট সরকার পরিচালনা করলেও এবার সেই জোট পুনর্গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের বিষয়ে আশাবাদী। দলটি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি আসনগুলোতে জোট শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছে। যদিও নির্দিষ্ট আসনসংখ্যা উল্লেখ করেননি তারেক রহমান, তবে তিনি বলেন, “সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আমরা পাব—এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।”

জনমত জরিপগুলোতে বিএনপির সম্ভাব্য জয়ের ইঙ্গিত পাওয়া গেলেও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও উঠে এসেছে। এ জোটে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপিও যুক্ত হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকবে না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারস্পরিক স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শেখ হাসিনার সন্তানদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে, তবে রাজনীতি করার অধিকার সবারই রয়েছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দলটির একাধিক শীর্ষ নেতা ও পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top