শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

জনগণ চাইলে

শেখ হাসিনার সন্তানদেরও রাজনীতিতে ফেরার সুযোগ থাকবে: তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন—এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার আছে।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। জুলাই অভ্যুত্থানের পর দলটি কার্যত রাজনীতির বাইরে চলে যাওয়ায় বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

সাক্ষাৎকারে রয়টার্সের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, বিএনপি সরকার গঠন করতে পারলে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না। এর জবাবে তারেক রহমান জনগণের মতামত ও গ্রহণযোগ্যতাকেই চূড়ান্ত বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, বর্তমানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে তার সন্তানরাও দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top