শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬

ছবি: সংগৃহীত

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি ও আদর্শ টিকে থাকে না। ইসলামী আন্দোলন ব্যক্তিগত স্বার্থ, এমপি বা মন্ত্রী হওয়ার উদ্দেশ্যে রাজনীতি করে না; বরং আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের হাত ধরেই বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার ফলেই দেশের বাইরে কুখ্যাত ‘বেগমপাড়া’ গড়ে উঠেছে।

জামায়াতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্টের পর তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে। জামায়াতের মতো বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি নেই। তারা ক্ষমতায় গেলে শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় ওই জোট থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চরমোনাই পীর আরও বলেন, জোট ছাড়ার পর অনেকেই ভেবেছিল ইসলামী আন্দোলন একা হয়ে পড়বে। বাস্তবে দলটি এখন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষ হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ১২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের উপদেষ্টা ও বরগুনা-১ আসনের প্রার্থী অলিউল্লাহ, বরগুনার ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুর সাকুর, ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top