জয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জয়লাভ করে সরকার গঠন করতে পারলে জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
রোববার রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের সমর্থনে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “১২ তারিখ আমরা বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। নাহিদদের আমরা বিমানের সামনে ককপিটে রাখব, আর পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনো ভুয়া আশ্বাস দেয় না। যা আছে, তা নিয়েই দেশ গড়বে।”
বিএনপির কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের গোলামদের লাল কার্ড দেখাবে। বিএনপির নাটে–ঘাটে সব কার্ড ভুয়া। এই ভুয়া কার্ডকে জনগণ লাল কার্ড দেখাবে।”
তিনি বলেন, “১৯৪৭ ও ১৯৭১ সালে জাতির যে আকাঙ্ক্ষা ছিল, তা পূরণ হয়নি। ২০২৪ সালে সাধারণ মানুষের ন্যায্য দাবিকে দমন করতে গিয়ে জুলাই–আগস্টের ঘটনা ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পেলেও ৬ আগস্ট থেকে আরেক জালেম জাতির ওপর চড়াও হয়েছে।”
ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, “১৭ বছরের পলাতকরা এখন মামলা বাণিজ্যে লিপ্ত। ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেওয়া হচ্ছে। যে দল ৫৯ জন ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়েছে, তারা দুর্নীতি দমনের কথা বললে পেঁচাও হাসবে।”
জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।