মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ডের আদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৫

সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটির বিচারক এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই দুটি মামলায় আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে প্রতিটি মামলায় তিন দিন করে মোট ছয় দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে আমির হামজার পক্ষে তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম জরিমানার অর্থ পরিশোধ করেন।

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শান্তিডাঙ্গা গ্রামের বাসিন্দা রাশেদ আহমেদ গত ৮ ফেব্রুয়ারি আমির হামজার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে দুটি মামলা দায়ের করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায়ে উল্লেখ করা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ বিভিন্ন নির্বাচনি এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়। পরিদর্শনে দেখা যায়, মজমপুর গেটে সাঁটানো আমির হামজার নির্বাচনি ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই, যা আচরণবিধির পরিপন্থী।

পরবর্তীতে আমির হামজার আইনজীবী তৌফিকুল ইসলাম তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং এ বিষয়ে ভুল স্বীকার করেন।

এ ছাড়া আদালতের রায়ে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫-এ বর্ণিত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়।

রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী রাশেদ আহমেদ বলেন, “রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় এখনও পুরোপুরি কার্যকর হয়নি। সংশ্লিষ্ট এলাকায় এসব ব্যানার-পোস্টার এখনও ঝুলছে। বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top