ঢাবি উপাচার্য পদত্যাগ করছেন না, নির্বাচনের পর দায়িত্ব ছাড়ার ইচ্ছা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেননি। কিছু গণমাধ্যমে এ বিষয়ে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছেন ড. নিয়াজ আহমদ খান। তবে হঠাৎ করে কোনো শূন্যতা বা প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি হোক—এমনটি তিনি চান না। সরকার চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালনে তিনি প্রস্তুত আছেন।
আজ বিকেল ৩টায় উপাচার্য কার্যালয়সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানে তিনি বলেন, “নির্বাচনের পর আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে এ মুহূর্তে যদি বিশ্ববিদ্যালয়ে শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, সরকার চাইলে আমি আরও কিছু সময় দায়িত্ব পালন করব।”
তিনি জানান, ২০২৪ সালের আগস্টে একটি বিশেষ ও আপৎকালীন পরিস্থিতিতে তিনি উপাচার্যের দায়িত্ব নেন, যখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল এবং প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে বলে তিনি মনে করেন।
ড. নিয়াজ আহমদ খান বলেন, তিনি উপাচার্যের দায়িত্বকে কখনোই নিয়মিত চাকরি হিসেবে দেখেননি। এটি ছিল ছাত্রদের অনুরোধে নেওয়া একটি দায়িত্ব। নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নিলে তারা যেন নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে—এটাই তার প্রত্যাশা।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ডেপুটেশনে নিযুক্ত উপাচার্যের দায়িত্ব থেকে সরে তিনি উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে নিজের মূল পদে ফিরতে চান। এ বিষয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর চিঠি দেবেন তিনি।
সূত্র: কালের কন্ঠ
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।