ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপি থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৪৪
ভোট না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থি বক্তব্য এবং কর্মকাণ্ডের কারণে মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়। এর আগে তিনি ওই আসনে জামায়াত জোট সমর্থিত এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের পক্ষে ভোট না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্জুরুল আহসান মুন্সী বলেন,
“যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। ঘরবাড়ি পোড়াইয়া ছারখার করে দেব। আমি পরিষ্কার করে বলতেছি, এটা কোনো ভয় দেখানো না। আমার কথা রেকর্ড করে ফেসবুকে ছাড়লেও আমার কোনো অসুবিধা নাই।”
ভিডিওতে আরও বলতে শোনা যায়, তিনি নিজেকে অপমানিত না করার আহ্বান জানিয়ে ভোটারদের ‘ট্রাক’ প্রতীকে ভোট দেওয়ার নির্দেশ দেন এবং তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করার কথাও উল্লেখ করেন।
এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।