প্রচারের পর গুলশানে কার্যালয়ে ব্যস্ত তারেক রহমান, নিচ্ছেন প্রার্থীদের খোঁজখবর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০০:২৪
নির্বাচনি প্রচারের শেষ পর্যায়ে এসে রাজধানীর গুলশানে নিজের কার্যালয়ে বসে সারাদেশের নেতাকর্মী ও প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। টানা কয়েক দিন সারাদেশে নির্বাচনি সফর শেষে এখন তিনি কেন্দ্রীয়ভাবে দলীয় কার্যক্রম তদারকি করছেন।
ভোটের প্রচারের শেষ দিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল থেকেই গুলশানের কার্যালয়ে অবস্থান করে তারেক রহমান সারাদেশের প্রার্থীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কোন এলাকায় কী ধরনের পরিস্থিতি রয়েছে, তা সরাসরি প্রার্থীদের কাছ থেকে জেনেছেন তিনি। একই সঙ্গে নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ করেন বিএনপি চেয়ারম্যান।
আতিকুর রহমান বলেন, “সারাদেশের নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি খোঁজখবর নিয়েছেন। সকাল থেকেই তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন। দুপুরে গুলশানের বাসা থেকে নিজের কার্যালয়ে যান।”
এদিকে তারেক রহমান বিদেশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে। পাশাপাশি গুলশানের কার্যালয় থেকেই তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করছেন।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে সমমনা দলগুলোর জন্য ৯টি আসন ছেড়ে দিয়ে বিএনপি ২৯১টি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী দিয়েছে। গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জের মৌচাক, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি, সোনারগাঁও, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকার উত্তরা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরসহ বিভিন্ন স্থানে একটানা নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।
ঢাকাসহ সারাদেশে মোট ৯ দিনে ৪১টি জনসভায় বক্তব্য দিয়ে দলের প্রতিশ্রুতি তুলে ধরে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান।
এদিকে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে এসএমএস ও চেয়ারম্যানের রেকর্ড করা কল পাঠানো হয়েছে বলেও জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।