বগুড়া-৬ আসনে ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশ: জামায়াত নেতা আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০০:৩৯
বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম নাসিরুল ইসলাম। তিনি বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাত ১০টার দিকে খবর পাওয়া যায় যে ১০ থেকে ১৫ জন ব্যক্তি ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনধিকার প্রবেশ করেছেন। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে নাসিরুল ইসলামকে আটক করা হয়।
আটক নাসিরুল ইসলাম দাবি করেন, তিনি কেন্দ্রে পোলিং এজেন্টের তালিকা দিতে গিয়েছিলেন। তবে এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেন, রাতে ভোটকেন্দ্রে পোলিং এজেন্টের তালিকা জমা দেওয়ার কোনো বিধান নেই।
পলাশ চন্দ্র সরকার আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে প্রাথমিকভাবে মুচলেকা নেওয়া হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জামায়াত নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিনের দাবি, শুধু পোলিং এজেন্টের নামের তালিকা দিতে তাঁদের কর্মীরা প্রিসাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন। কিন্তু সেখানে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে তাঁদের নেতাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।