মির্জাগঞ্জে দুই ইউনিয়ন আমির আটক, টাকা জব্দ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ও কাকড়া বুনিয়া ইউনিয়ন থেকে দুই ইউনিয়নের আমিরকে নগদ অর্থসহ আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৬টার দিকে মাধবখালী ইউনিয়ন থেকে এবং সন্ধ্যার দিকে কাকড়া বুনিয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মাধবখালী ইউনিয়নের মো. আমির হোসেন এবং কাকড়া বুনিয়া ইউনিয়নের সৈয়দ কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত ইসলামী নেতৃত্বাধীন পটুয়াখালী-1 আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, “আমরা এ ধরনের একটি ঘটনা শুনেছি। সেখানে ম্যাজিস্ট্রেট গিয়েছেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. মলিহা খানম জানান, মাধবখালী থেকে আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর কাকড়া বুনিয়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। সেখানে অল্প কিছু টাকা পাওয়া যায়, যা জব্দ করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ওহাব মিনার অভিযোগ করেন, মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের প্রধান নির্বাচন পরিচালনাকারী আমির হোসেন ও কাকড়া বুনিয়ার সৈয়দ কামাল হোসেনকে আলতাফ হোসেন চৌধুরীর লোকজন মারধর করে আহত করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে তাদের এজেন্ট নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এ অভিযোগের বিষয়ে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।