জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৪:৪৭
‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’- এমন মন্তব্য করার ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে দলটি।
বুধবার (১১ মার্চ) দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেখানে তিনি বলেন, তারেক রহমান ২০২৬ থেকে ২০৩২ নয়; বরং ২০৩২ থেকে ২০৩৭ সাল পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। সূর্য উঠলেই যেমন দিনের অবস্থা বোঝা যায়, তেমনি তারেক রহমানের শুরু দেখেই তিনি ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেয়েছেন বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, তার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে ছয়বার সংসদে যাওয়ার সুযোগ হয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বেই দেশের নেতৃত্ব সফল হবে বলেও বিশ্বাস করেন তিনি।
বক্তব্যে জয়নুল আবদিন ফারুক আরও বলেন, শুধু ২০৩১ নয়, ২০৩৭ ও ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।
এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যেই দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।