বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ভারতকে যে তিন শর্ত ছুঁড়ে দিল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে বাংলাদেশ আবেদন করলেও তা মানেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এই ঘটনার পর থেকেই বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ বাদ পড়ার প্রতিবাদে আইসিসিকে চাপ দিতে ভারতের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ ম্যাচ বয়কটের কঠোর সিদ্ধান্তের কথা জানায় পিসিবি। এতে আইসিসির সঙ্গে পাকিস্তানের অচলাবস্থার সৃষ্টি হয়, যদিও সেই সংকট নিরসনের সম্ভাবনার আভাস পাওয়া যাচ্ছে।
এনডিটিভি সূত্রে জানা গেছে, আইসিসির সঙ্গে চলমান এই অচলাবস্থা কাটাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে। রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব দাবি পেশ করা হয়।
পিসিবির দাবিগুলো হলো—
প্রথমত, বাংলাদেশকে বর্ধিত ক্ষতিপূরণ প্রদান।
দ্বিতীয়ত, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা।
তৃতীয়ত, ভবিষ্যতে বাংলাদেশকে কোনো একটি আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার দেওয়া।
সূত্র আরও জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে পিসিবির কয়েকজন কর্মকর্তা মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি তার আগের অবস্থানেই অনড় রয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
এখন ক্রিকেটবিশ্বের নজর সেই বৈঠকের দিকেই—সেখান থেকে কী সিদ্ধান্ত আসে, সেটিই দেখার অপেক্ষা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।