আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) জরুরি ভার্চুয়াল সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার আইসিসির সূত্রের বরাতে জানিয়েছে, এই সভায় পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও আলোচনা হতে পারে। সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তান দলের। তবে রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়, জাতীয় দল পুরো টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।
সরকারি বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না।”
উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ পূর্বে ভারতে ম্যাচ না খেলার অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।