সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

এপস্টিন–সংক্রান্ত নথিতে নাম,

লেবার পার্টি থেকে পদত্যাগ লর্ড ম্যান্ডেলসনের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪৭

সংগৃহীত

যৌন অপরাধী জেফরি এপস্টিন–সংক্রান্ত নতুন প্রকাশিত নথিতে নাম আসার পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন। তিনি বলেছেন, দলের জন্য নতুন করে কোনো বিব্রতকর পরিস্থিতির কারণ হতে চান না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টিন–সংক্রান্ত যেসব নথি প্রকাশ করেছে, সেখানে লর্ড ম্যান্ডেলসনের নাম উল্লেখ করা হয়। নথিগুলোতে দাবি করা হয়, ২০০৩ ও ২০০৪ সালে এপস্টিন তিন দফায় তাকে মোট ৭৫ হাজার ডলার প্রদান করেছিলেন।

লেবার পার্টির জেনারেল সেক্রেটারিকে পাঠানো এক চিঠিতে লর্ড ম্যান্ডেলসন বলেন, “এই সপ্তাহান্তে জেফরি এপস্টিনকে ঘিরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তার সঙ্গে আবারও আমি যুক্ত হয়ে পড়েছি। এ জন্য আমি অনুতপ্ত ও দুঃখিত।” তবে তিনি অর্থ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, “কুড়ি বছর আগে আমাকে অর্থ দেওয়ার অভিযোগ আমি মিথ্যা বলেই বিশ্বাস করি। এর কোনো প্রমাণ নেই এবং আমি এমন কিছু মনে করতে পারছি না। বিষয়গুলো যাচাই করে দেখা দরকার।”

চিঠিতে তিনি আরও বলেন, “এই প্রক্রিয়ায় আমি লেবার পার্টির জন্য নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চাই না। সে কারণেই দলের সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

এর পাশাপাশি লর্ড ম্যান্ডেলসন বলেন, “যেসব নারী ও মেয়েদের কথা অনেক আগেই শোনা উচিত ছিল, তাদের কাছে আমি আবারও ক্ষমা চাইতে চাই।” তিনি দাবি করেন, সারা জীবন লেবার পার্টির আদর্শ ও সাফল্যের জন্য কাজ করেছেন এবং পদত্যাগের সিদ্ধান্তও দলের স্বার্থ বিবেচনা করেই নিয়েছেন।

এর আগে রবিবার তিনি বলেছিলেন, নতুন প্রকাশিত নথিগুলোর বস্তুনিষ্ঠতা সম্পর্কে তিনি নিশ্চিত নন। একই সঙ্গে এপস্টিনের সঙ্গে পরিচিত হওয়ার জন্যও তিনি দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, এপস্টিনের সঙ্গে অতীতের যোগসূত্রের কারণে গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকেও লর্ড ম্যান্ডেলসনকে সরিয়ে দেওয়া হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top