শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রের অভিযোগ: চীন গোপনে চালিয়েছে পারমাণবিক পরীক্ষা

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬

যুক্তরাষ্ট্রের অভিযোগ: চীন গোপনে চালিয়েছে পারমাণবিক পরীক্ষা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ২০২০ সালে চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে। জেনিভায় আয়োজিত বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে ওয়াশিংটন চীন ও রাশিয়াকে নিয়ে নতুন ও বিস্তৃত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করার আহ্বান জানায়।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই এই অভিযোগ আসে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চীনের এই গোপন পরীক্ষা পারমাণবিক ভারসাম্য নষ্ট করে নতুন ধরনের উত্তেজনা তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডিন্যানো দাবি করেন, চীন ২০২০ সালের ২২ জুন এমন একটি পরীক্ষা চালিয়েছিল যা সিসমিক মনিটরিংয়ে ধরা না পড়ার জন্য ‘ডিকাপলিং’ পদ্ধতি ব্যবহার করা হয়। ডিন্যানোর মতে, চীনের পিপলস লিবারেশন আর্মি জানত এই পরীক্ষা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন, তাই এটি আড়াল করার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ২০৩০ সালের মধ্যে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবে।

চীনের নিরস্ত্রীকরণ বিষয়ক রাষ্ট্রদূত শেন জিয়ান যুক্তরাষ্ট্রের অভিযোগগুলোকে সরাসরি স্বীকার বা অস্বীকার না করে বলেন, চীন সবসময় পারমাণবিক বিষয়ে বিচক্ষণ ও দায়িত্বশীল আচরণ করে আসছে। তিনি যুক্তরাষ্ট্রকে মিথ্যা অভিযোগ আনা বন্ধ করার আহ্বান জানান এবং নতুন ত্রিপক্ষীয় পারমাণবিক আলোচনায় বসতে অস্বীকার জানান।

২০১০ সালে স্বাক্ষরিত ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বে প্রধান দুই পারমাণবিক শক্তিধর দেশ কোনো আইনি বাধ্যবাধকতা ছাড়াই অস্ত্রভাণ্ডার বৃদ্ধি করতে পারবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া ও চীন যদি পারমাণবিক মজুত বাড়াতে থাকে, যুক্তরাষ্ট্রও নিজেদের অস্ত্রাগার আধুনিক করবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র মনে করছে, ২০২৬ সালে কেবল একটি দেশের সাথে দ্বিপক্ষীয় চুক্তি যথেষ্ট নয়; বরং বহুপাক্ষিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি।

সূত্র: রয়টার্স



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top