ওমানে আলোচনার পর ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০
ওমানে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনার শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের তেল রপ্তানি রোধ করা, এবং এতে অন্তর্ভুক্ত আছে ১৪টি তেলবাহী জাহাজ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, “ইরান তেলের আয় ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ড চালায় এবং দেশের ভেতরে দমন-পীড়ন জোরদার করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ।”
নিষেধাজ্ঞার আওতায় ১৪টি জাহাজ এবং ১৫টি প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির সঙ্গে যে কোনো লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পিগট আরও জানান, এই জাহাজগুলির মধ্যে তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা জাহাজও রয়েছে। ট্রাম্প প্রশাসনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে তেল কেনা বন্ধে অন্যান্য দেশগুলোকে বাধ্য করার জন্য ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ওমানে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ দূতদের সঙ্গে তার দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনায় অংশ নেন। তিনি জানান, আলোচনার পরিবেশ ইতিবাচক ছিল। উল্লেখ্য, এই আলোচনার সূচনা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ দমন ও যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।