সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের বেশি সহায়তার ঘোষণা ট্রাম্পের

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য নবগঠিত আন্তর্জাতিক সংস্থা বোর্ড অব পিস–এর সদস্য দেশগুলো সম্মিলিতভাবে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তা দেবে।

স্থানীয় সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বোর্ড অব পিসের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই অর্থ সহায়তার প্রতিশ্রুতি ঘোষণা করা হবে।

ট্রাম্প বলেন, “বোর্ড অব পিস ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের।”

তবে কোন কোন সদস্য দেশ গাজা পুনর্গঠনের জন্য অর্থ সহায়তা দেবে কিংবা সম্ভাব্য স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে—সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

বার্তা সংস্থা রয়টার্স–এর প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বৈঠকেই বোর্ড অব পিসের সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তার ঘোষণা দেবে। এই অর্থ গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার কাজে ব্যয় করা হবে।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরাইলি হামলা থেমে নেই। স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি সামরিক বাহিনী হামলা চালায়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাস–এর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ আন্তর্জাতিক আইন মেনে হামলা চালানো হয়েছে। তবে হামাসের মুখপাত্র হাজেম কাসেম এই হামলাকে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের বড় অংশের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। প্রস্তাবটি উত্থাপন করেন কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী, দখলদার শক্তি অধিকৃত ভূখণ্ডে জমি বাজেয়াপ্ত বা বসতি স্থাপন করতে পারে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top