সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

সিরাজগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে ঘটে গেল ব্যতিক্রমী ও আলোচিত এক ঘটনা। ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই এক গর্ভবতী নারী কন্যাসন্তানের জন্ম দেন, যা মুহূর্তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনাটি ঘটে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। বেঙনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন (৩৫) ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ প্রসববেদনা অনুভব করেন। উপস্থিতদের সহযোগিতায় সেখানেই তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নাম রাখা হয়েছে ‘খালেদা’। এই নামকরণ ঘিরে এলাকাবাসীর মধ্যেও তৈরি হয়েছে বিশেষ আবেগ।

রোববার বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম নবজাতকের বাড়িতে যান। তিনি শিশুর শারীরিক অবস্থা ও প্রসূতি মায়ের খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতকের জন্য নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি মায়ের হাতে একটি ইউনিক নম্বর সম্বলিত জন্মসনদও তুলে দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “একজন গর্ভবতী মা ভোট দিতে এসে সন্তানের জন্ম দিয়েছেন এটি প্রমাণ করে মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগে অংশ নিয়েছেন। এই ঘটনা শুধু আলোড়নই নয়, বরং নির্বাচনী ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।”

প্রসূতি মা আম্বিয়া খাতুন বলেন, “ভোটের দিনই আমার মেয়ের জন্ম হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিকে স্মরণ করে মেয়ের নাম রেখেছি খালেদা। আজ প্রশাসনের লোকজন এসে আমাদের খোঁজ নিয়েছেন, এতে আমরা অনেক খুশি।”

এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top