মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

গাজায় সেনা মোতায়েনে প্রস্তুত ইন্দোনেশিয়া

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০০

ছবি: সংগৃহীত

গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক শান্তিরক্ষা উদ্যোগের অংশ হিসেবে ৫ হাজার থেকে ৮ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল মারুলি সিমানজুনতাক সোমবার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে নিরাপত্তা বৈঠক শেষে এ তথ্য জানান।

তিনি বলেন, একটি পূর্ণাঙ্গ ব্রিগেড গঠন করা হচ্ছে, যেখানে প্রায় ৫ হাজার থেকে ৮ হাজার সেনা ট্রাম্পের প্রস্তাবিত শান্তি বোর্ডকে সহায়তা করতে প্রস্তুত থাকবে। তবে সেনা মোতায়েনের স্থান ও কার্যপরিধি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

সেনাপ্রধান আরও জানান, ইন্দোনেশিয়ান সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। শান্তিরক্ষা মিশনে প্রকৌশল ও চিকিৎসা ইউনিটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা যায়।

এদিকে, ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইন্দোনেশিয়ার কয়েক হাজার সেনা গাজায় পৌঁছাতে পারে। তারা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রথম সদস্য হিসেবে গাজায় প্রবেশ করবে। যদিও এখনো তাদের আগমনের নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, এই বাহিনীটি রাফাহর দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থান করবে। সেনাদের জন্য অফিস ও আবাসিক অবকাঠামো নির্মাণের কাজও আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিশ্লেষকদের মতে, গাজায় ইন্দোনেশিয়ার এই সম্ভাব্য সেনা মোতায়েন আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top