বিশ্বকাপ প্রস্তুতিতে মরক্কোয় ৩০ লাখ কুকুর হত্যা?
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২১
২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজকের প্রস্তুতির মধ্যেই পথকুকুর নিধনের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে মরক্কো। প্রাণী কল্যাণ সংস্থাগুলো অভিযোগ করেছে, দেশটিতে বড় পরিসরে পথকুকুর হত্যা করা হচ্ছে। তবে মরক্কো সরকার এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।
আন্তর্জাতিক অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যান্ড প্রোটেকশন কোয়ালিশন (আইএডব্লিউপিসি) যৌথ তদন্তে জানিয়েছে, প্রতিবছর লাখো কুকুর হত্যা করা হচ্ছে এবং ৩০ লাখ কুকুরকে লক্ষ্যবস্তু করা হতে পারে। সংগঠনটি এই ঘটনার বর্ণনা দিয়েছে ‘গণহত্যা’ হিসেবে।
অস্কার মনোনীত অভিনেতা মার্ক রুফালো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “একটি বৈশ্বিক ক্রীড়া আসরের প্রস্তুতির নামে লাখো কুকুর হত্যা কোনো অগ্রগতি নয়, এটি নৈতিক ব্যর্থতা।”
দ্য অ্যাথলেটিকের অনুসন্ধানী প্রতিবেদনে মারাকেশের উপকণ্ঠে একটি স্থাপনার উল্লেখ রয়েছে, যেখানে ধরা পড়া কুকুরগুলোকে ভ্যানে করে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কুকুরগুলোকে ধরে আটকে রাখা হয়, গুলি করা হয়, বিষ প্রয়োগ করা হয় বা অনাহারে রাখা হয়।
আইএডব্লিউপিসি জানিয়েছে, তারা ৯১ পৃষ্ঠার একটি নথি প্রস্তুত করেছে, যেখানে ছবি, দলিল ও সাক্ষ্য সংযুক্ত। নথিতে স্ট্রিকনিন বিষ প্রয়োগ, গুলি করা এবং পুড়িয়ে হত্যার মতো পদ্ধতির উল্লেখ রয়েছে।
সংগঠনটির অভিযোগ, ২০২৩ সালে মরক্কোকে স্পেন ও পর্তুগালের সঙ্গে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে নিশ্চিত করার পর হত্যার মাত্রা বেড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ ঘোষণার আগেও মরক্কোতে বছরে প্রায় তিন লাখ প্রাণী হত্যা হতো।
লন্ডনে মরক্কোর দূতাবাস জানিয়েছে, বিশ্বকাপ-সংশ্লিষ্ট কোনো নিধন অভিযানের অভিযোগ ভিত্তিহীন। তারা বলেছে, দেশটি মানবিক ও টেকসই প্রাণী ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ।
আগস্টে প্রস্তাবিত এক আইনে ইচ্ছাকৃতভাবে পথপ্রাণী হত্যা, নির্যাতন বা আহত করলে দুই থেকে ছয় মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ ২ হাজার ডলার জরিমানা করার বিধান রয়েছে। তবে একই খসড়ায় পথপ্রাণীকে আশ্রয়, খাবার বা চিকিৎসা দিলে শাস্তির প্রস্তাব থাকায় সমালোচকেরা বলছেন, এতে সহমর্মিতাকেই অপরাধ হিসেবে দেখা হচ্ছে।
প্রাণী অধিকারকর্মীরা বলেছেন, জলাতঙ্কসহ জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় গণহত্যা কার্যকর সমাধান নয়।
ফিফা জানিয়েছে, মরক্কোর বিশ্বকাপ বিডে প্রাণী সুরক্ষার প্রতিশ্রুতি ছিল এবং বিষয়টি নিশ্চিত করতে তারা যোগাযোগ রাখছে। গণমাধ্যমের বরাতে জানা গেছে, ফিফা মরক্কো ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছে এবং আইএডব্লিউপিসির সঙ্গেও সংলাপে রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।