সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

তেহরানসহ ইরানের আরও দুই শহরে ইসরায়েলের হামলার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৮:৪৮

সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানসহ শিরাজ ও তাবরিজ শহরের বিভিন্ন স্থাপনায় একযোগে হামলা শুরু করার দাবি করেছে ইসরায়েল। সোমবার (১৬ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এই তিন শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালানো হয়েছে।

তেহরান ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত রাজধানী শহর। আর তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তের কাছাকাছি অবস্থান করছে দেশটির চতুর্থ বৃহত্তম শহর তাবরিজ। অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ঐতিহাসিক শহর শিরাজ।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। প্রথমবারের মতো কৌশলগত সলিড-ফুয়েল ‘সেজ্জিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানোর দাবি করেছে তেহরান।

রোববার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ৫৪তম দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ হামলায় দুই টন ওয়ারহেড বহনে সক্ষম সুপার হেভি ‘খোররামশাহর’ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ‘খায়বার-শেকান (খায়বার-বাস্টার)’, ‘কদর’ এবং ‘এমাদ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

সংস্থাটি দাবি করেছে, ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অধিকৃত ভূখণ্ডের ভেতরে সেনা সমাবেশস্থলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরান দেশ দুটির বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ইরানের অভিযোগ, এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালিয়েছে, যাতে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে আঞ্চলিক বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করছে বলে জানিয়েছে তেহরান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top